পঞ্চগড়ে দারুল উলুম মদিনাতুল ইসলাম নামে একটি হাফেজিয়া মাদ্রাসার লিজানুর রহমান (১৫) ও রিফাত হোসেন (১২) নামের দুই ছাত্রের খোঁজ পাওয়া যাচ্ছে না।।
নিখোঁজ ওই দুই ছাত্রের খোঁজ না পেয়ে শনিবার দুপুরে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি করেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা এজাজ আহম্মদ।
লিজানুর রহমান তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকার আব্দুস সবুরের ছেলে এবং রিফাত হোসেন পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী এলাকার শফিউল ইসলামের ছেলে।
ডায়েরি সূত্রে জানা যায়, জেলা শহরের দারুল উলুম মদিনাতুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র লিজানুর রহমান ও রিফাত হোসেন গত ২৮ জুলাই বিকেলে নিজেদের প্রয়োজনের কথা বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। সেখান থেকে দুজনে মিলে রিফাতের বাড়ি যতনপুকুরীতে যায়। বাড়ি থেকে রেললাইন দেখার কথা বলে বের হয় রিফাত ও লিজানুর। কিন্তু তারপর তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি। তারা মাদ্রাসাও ফিরে আসেনি, বাড়িতেও যায়নি। ছেলেদের হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন রিফাত ও লিজানুরের পরিবারসহ মাদ্রাসা কর্তৃপক্ষ।
পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এজাজ আহম্মদ জানান, দুজন শিক্ষার্থী মাদরাসার আবাসিক নিয়ম ভেঙ্গে পালিয়ে গেছে। আমরা নিয়মানুযায়ী তাদের পরিবারে বিষয়টি জানিয়েছি। সবাই মিলে খোঁজাখুজি করেছি। না পেয়ে সকলের পরামর্শে পঞ্চগড় থানায় জিডি করেছি।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার জানান, ওই মাদ্রাসার পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিভিন্ন থানায় তাদের বিষয়ে তথ্য পাঠিয়েছি। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি