সোনারাগাঁও থেকে জামায়াত-শিবিরের ৪৩ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে বৈঠক করাকালে জামায়াত-শিবিরের ৪৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 
 
শনিবার সকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লিফলেট, ব্যানার ও জিহাদি বই উদ্ধার করা হয়। অভিযান চলাকালে পুলিশের উপর হামলা করে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। 
 
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মাহমুদ হাসান জানান, রাজধানীর বিভিন্ন এলাকার জামায়াত-শিবিরের একটি দল বনভোজনের নামে সোনারগাঁও জাদুঘুরের ১নং গেটের বিপরীত পার্শ্বে ‘সোনারগাঁও মিনি চাইনিজ’ নামের ওই রেস্টুরেন্ট ভাড়া করে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি টিম ওই রেস্টুরেন্টে গিয়ে উপস্থিতির কারণ জানতে চাইলে তারা বনভোজনের কথা জানায়। তখন পুলিশের সন্দেহ হলে রেস্টুরেন্ট ঘেরাও করার চেষ্টা করে। এ সময় পুলিশের উপর শিবিরের লোকজন চেয়ার ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ও এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া করে। এ সময় জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তরা আইডিয়াল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক মাওলানা আব্দুল হালীমসহ ৪৩ জনকে আটক করা হয়। এর মধ্যে বাকিরা পালিয়ে যায়।
 
 
ইত্তেফাক/ইউবি