রাজধানীর পরীবাগে ৫০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হরেন- মুরাদ ও ওমর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে গোয়েন্দারা।
শনিবার সকালে পরীবাগ ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী নিয়মিত অভিযান চালিয়ে আরও ৫৮ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, শনিবার সকালে ডিবি দক্ষিণের গাড়ি চোর প্রতিরোধকারী একটি দল পরীবাগ ফুটওভার ব্রিজের নিচে অভিযানকালে নীল রংয়ের একটি পিকআপের (ঢাকা মেট্রো-অ-২৫৩) গতিরোধ করে। এ সময় গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি বাক্সের ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গাড়ির চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারী বিক্রির কথা স্বীকার করে।
ইত্তেফাক/ইউবি