নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাহামুদুল হাসান শাওন (১৮) এবং শ্যামলী বিশ্বাস (৭৫) নামের দুইজন নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহামুদুল হাসান শাওন জেলা সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের সোহেল ফেরদৌসের পুত্র। শ্যামলী বিশ্বাস নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকার বনমালী বিশ্বাসের স্ত্রী।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, শনিবার রাতে মাহামুদুল হাসান শাওন মোটর সাইকেল চালিয়ে মুলিয়া থেকে নড়াইল যাচ্ছিল। নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা চৌরাস্তা এলাকায় শ্যামলী বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলটি তাকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু