সড়ক নয় যেন মরণফাঁদ!


বালিয়াকান্দির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটি দীর্ঘদিন সংস্করণ না করায় যান ও মানুষজন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা শহরের ডাক বাংলো থেকে সাধু মোল্লার বাস ভবন পর্যন্ত প্রধান সড়ক যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনের কার্যালয়ের মাত্র একশ গজ সামনে সড়কটির বেহালদশা হলেও নজর নেই কর্তৃপক্ষের। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাত্র একশ গজ দূরে ডাক বাংলো থেকে সাধু মোল্লার বাস ভবন পর্যন্ত আনুমানিক সাত-আটশ গজ রাস্তাটির মাঝে মাঝে বিশাল আকৃতির গর্ত হয়েছে। প্রবল বৃষ্টির কারণে রাস্তার মাঝের গর্তের ভিতরে হাঁটু পানি জমেছে। আর সেই গর্তের ভিতরে জমে থাকা পানির মধ্যে কোমলমতি শিক্ষার্থীরা খেলা করছে। অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের বহনকৃত স্কুলের গাড়ি মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে চরম উদ্বিগ্নতায় রয়েছে অভিভাবক ও শিক্ষকরা।

রাস্তাটি দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিন চলাচল করছে হাজার হাজার শিক্ষার্থী। রাস্তাটির দুই পাশে রয়েছে শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শতবর্ষী বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনি মুকুর কিন্ডার গার্টেন, হলি চাইল্ড প্রি-ক্যাডেট একাডেমি। তা ছাড়া আরো রয়েছে সরকারি চারটি প্রতিষ্ঠান। এতো গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ। তাদের দাবি দ্রুত সময়ে রাস্তাটির সংস্কার করা হোক।

প্রভাষক খোন্দকার শফিকুদ্দৌলা এমএ বাসেত বাচ্চু জানান, বালিয়াকান্দি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হচ্ছে এটি। রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙে গেছে। প্রচুর বৃষ্টির কারণে রাস্তার মাঝে পানি জমে যাওয়াই এখন এই রাস্তা দিয়ে চলাচল করা ভীষণ কষ্ট হয়। তা ছাড়া মাঝে মাঝেই ছোট-খাট দুর্ঘটনা ঘটছে।

বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ জানান, রাস্তাটি যাতে দ্রুত সংস্করণ করা হয় তার জন্যে ইতোমধ্যে আমি উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি।

বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ জানান, রাস্তাটি ভেঙে যাওয়ার বিষয়টি আমি জানি। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে এর মধ্যে কাজ করলেও তা টিকবে না। আবহাওয়া ভালো হলে যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু