খাগড়াছড়ির রামগড়ে যাত্রীবাহী চাঁদেরগাড়ি (খোলা জিপ) উল্টে নারী ও শিশুসহ ২২ জন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত বেলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহত যাত্রীরা জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বেলছড়ি থেকে ছেড়ে আসা নম্বরবিহীন একটি যাত্রীবাহী চাঁদের গাড়ি বড় বেলছড়ি নামকস্থানে টিলা নামার সময় গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ ২২ জন যাত্রী আহত হন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন রামগড় থেকে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে লালু ত্রিপরা (৩৫), নকুল ত্রিপুরা(৪৫), চম্পা রাণী ত্রিপুরা (১২), বন কুমার ত্রিপুরা (৩৫), কসম মালা ত্রিপুরা (৩৫), তার দুই শিশু কন্যা মমিতা (৭), মিনতা (১০), সোমা ত্রিপুরা (২০), তার শিশু পুত্র শুভ (৯মাস), হিরন পতি ত্রিপুরা (২২), মংগ্রী ত্রিপুরা (৫০), কান্দ্রং ত্রিপুরা (৩৫)।
কর্তব্যরত চিকিৎসক বিজয় কুমার জানান, ১১জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া মংগ্রী ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ইত্তেফাক/কেকে