সোনাতলায় ধানক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 
বগুড়ার সোনাতলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শনিবার দিনগত রাতে ঘটেছে। 
 
স্থানীয়রা জানায়, উপজেলার বড় বালুয়া গ্রামে তৌফিকুল ইসলামের (লাড্ডু) মেহগনি গাছের বাগানে ঘটনার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই যুবকের গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করার পর দক্ষিণ পাশে ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরদিন সকালে ঘটনা স্থলের পাশে অপর একটি জমিতে কয়েকজন কামলা ধানের চারা রোপন করতে গিয়ে অজ্ঞাত যুবকের মরদেহ দেখে আশেপাশের বাড়ির লোকজনদের বিষয়টি জানানো হয়। 
 
যুবকটির পরনে নীল রঙের জিন্সের ফুলপ্যান্ট, কোমড়ে কালো রঙের বেল্ট ও গায়ে ছিল লাল রঙের হাফহাতা গেঞ্জি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় আনে। 
 
এলাকাবাসী ও সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ওই বাগানে বিকেল থেকে নিয়মিত জুয়ার আসর বসে। শনিবার সন্ধ্যায় সেখানে জুয়াখেলা অবস্থায় জুয়াড়িদের পুলিশ ধাওয়া করেছে। 
 
থানার অফিসার ইনচার্জ আরো জানান, এখনো লাশের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাকে কারা হত্যা করেছে এবং কী কারণে হত্যা করেছে তাও এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।লাশটির সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে