অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার দেশে শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয়েছে। আরও নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে।
রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ পৌর কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা শিক্ষার উন্নয়ন না করে দেশে জঙ্গি তৈরি করছে। এখন শিক্ষার কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশে পায়রা বন্দর হচ্ছে। শিল্প প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। ব্যবসার উপযোগী শান্ত পরিবেশ তৈরি করে দিচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগও বাড়ছে দেশে।
সুনামগঞ্জ ও মৌলভীবজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগমের সভাপতিত্বে ও পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসেরের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিভিল সার্জন আশুতোষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, লেখক ও আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, পৌর কলেজের সহকারী অধ্যাপক শুভংকর তালুকদা প্রমুখ। পরে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে তিনজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ইত্তেফাক/এমআই