স্বাধীনতা পরবর্তী রাজনীতি হতে হবে কাজের রাজনীতি: আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, স্লোগান নির্ভর নেতিবাচক রাজনীতি পরিহার করতে হবে। আমাদের স্বাধীনতার পরের রাজনীতি হতে হবে কাজের রাজনীতি। যা শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের স্বার্থে নির্বাচনের মাধ্যমে আগামীতেও যাতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষমতাসীন থাকে সে লক্ষ্যে এলাকার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ যখনই শেখ হাসিনা সরকার প্রধান থাকেন তখনই এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বেগবান হয় এবং মানুষ উপকার পায়। তিনি গতকাল রবিবার পিরোজপুর জেলার ইন্দুরকানি ও কাউখালী উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে     প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে শুধু শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুত্ ইত্যাদি ক্ষেত্রেই উন্নয়ন ঘটে না, মসজিদ-মন্দির-মাদ্রাসা ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানেরও প্রভূত উন্নতি হয়। এসব খাতে বরাদ্দকৃত অর্থ সম্পদের অপচয়, আত্মসাত্ রোধ করে সদ্ব্যবহার নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ডকে যথাযথভাবে সফল করতে হবে। আমাদের সরকারে থেকে যে উন্নয়ন করছি তা বিরোধী দলকেও স্বীকার করতে হবে। সকলকে মনে রাখতে হবে দেশ যদি স্বাধীন না হতো তবে আমাদের এ উন্নয়ন সম্ভব হতো না। পরাধীন পাকিস্তান আমলে কি উন্নয়ন হতো, কোন খাতে কি বরাদ্দ ছিল তা আমাদের অজানা থাকতো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন যে সঠিক কাজ ছিল তা আজ সকলেই অনুভব করছে। পাকিস্তান হওয়ার পর তত্কালীন মুসলিমলীগ ক্ষমতায় থাকায় আমরা তাদের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দিতাম। আজকে স্বাধীন দেশে স্লোগান নির্ভর নেতিবাচক রাজনীতি পরিহার করতে হবে। বাংলাদেশের উন্নয়নের রাজনীতির মৌলিক ভিত্তি হচ্ছে দেশপ্রেম। আর দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। যাকে কেন্দ্র করে দেশ গড়ার ব্রত নিয়ে সকলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া বাঞ্ছনীয়। তিনি বলেন, মনের সন্দেহ রেখে উন্নয়ন প্রত্যাশা করা যায় না। বিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করলে কাঙ্ক্ষিত ফল আমরা পাবই। সবাইকে দেশকে ভালবাসার ব্রত নিয়ে কাজ করতে হবে।

আনোয়ার হোসেন বলেন, আগামীতে নির্বাচন হবে। নির্বাচন যাতে যথাক্রমে সঠিক সময় অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ন রেখে সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে শিখতে হবে। উন্নয়ন কাজ পরিচালনার পরিবেশ বজায় রাখা অবশ্যক। সবার অনুধাবন করা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অর্থের অভাব নেই। প্রাপ্ত অর্থের সদ্ব্যবহারের মাধ্যমে অবহেলিত অঞ্চলের উন্নয়ন বরাদ্দের ধারাকে অব্যাহত রাখতে এসব অঞ্চলের অতীতের অনাকাঙ্ক্ষিত ও বৈরী রাজনীতির অভ্যাস মন থেকে দূর করে দেয়া দরকার। তাহলে আজকে যে ইন্দুরকানির প্রত্যন্ত অঞ্চলে পল্লী বিদ্যুত্ সংযোগ দেয়া হচ্ছে তা বজায় থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত্ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা আমরা এলাকায় ২০১৭ সালের মধ্যেই অর্জন করতে সক্ষম হবো। পাশাপাশি ইন্দুরকানি-বালিপাড়া-চন্ডীপুর সড়কের উন্নয়ন কাজ বর্ষা মৌসুমের পর শুরু করতে সমর্থ হবো।  

ইন্দুরকানি সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল জানান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বিকালে ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ থেকে জোমাদ্দার হাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এরপর বালিপাড়া ইউনিয়ন পরিষদে চর বলেশ্বর গ্রামে সুইচ টিপে নতুন পল্লী বিদ্যুত্ লাইনের উদ্বোধন করেন মন্ত্রী। এ উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হয়। এখানে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার শংকর কুমার কর ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি। এরপরে মন্ত্রী এ উপজেলার পর্ত্তাশী ইউনিয়নের  সেউতিবাড়িয়ায় একটি খালের উপর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নব নির্মিত ব্রিজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন। বিকালে ইন্দুরকানি উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি বিভাগ আয়োজিত ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন। সন্ধ্যার পর মন্ত্রী ইন্দুরকানি উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি বিভাগ কর্তৃক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ইন্দুরকানি বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এখানে ইন্দুরকানি উপজেলার এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতির উপর পর্যালোচনা সভায় যোগ দেন। এখানে মন্ত্রী চলমান প্রকল্পের বিষয়ে খোঁজ-খবর নেন এবং ঠিকাদারসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য তাগিদ দেন। এসব কর্মসূচিতে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল কবির তালুকদার মজনু, জেপি উপজেলা সভাপতি আসাদুল কবির স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, পর্ত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, উপজেলা মহিলা পার্টির সভানেত্রী শারমীন হোসেন প্রমুখ।

কাউখালী সংবাদদাতা রবিউল হাসান রবিন জানান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে দারুচ্ছুুন্নাত জামিয়া এ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম সাইক্লোন শেল্টার এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি এক দোয়া মাহফিলে অংশ নেন। এ অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মো. শাহআলম নসু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় জেপি নেতা আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, কাউখালী ভারপ্রাপ্ত ইউএনও মাধবী রায়, জাতীয় পার্টির জেপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেপি’র উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খান, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মো. কাইয়ুম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, জেপি’র উপজেলা সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা জেপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, জেপি নেতা নেপাল চন্দ্র দে, ছাত্র সমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, শিয়ালকাঠী ইউনিয়ন জেপি’র সভাপতি এডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শাহাজান মোল্লা,  মহিলা পার্টির  সভানেত্রী শাহিদা জেসমিন প্রমুখ।

ভাণ্ডারিয়া সংবাদদাতা কাজী ফজলুর রহমান জানান,

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল সকালে  বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পূর্ব ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের শুভ উদ্বোধন উপলক্ষে মোনাজাতে অংশগ্রহণ করেন। এতে আরো অংশ নেন উপজেলা  চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, জাতীয় পার্টি জেপি’র উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ভাণ্ডারিয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার  জোমাদ্দার, গৌরিপুরের ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী শাহ আলম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুল গনি, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।

ইত্তেফাক/নূহু