দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই :নাসিম

আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের এখন থেকেই মাঠে থাকার নির্দেশ দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। নির্বাচনকে ঘিরে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে, কিন্তু কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। তিনি গতকাল  রবিবার বিকেলে তার নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। তার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে  পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। তাই আওয়ামী লীগ জনগণকে ভয় করে না। সমাবেশে সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি শওকত হোসেন। বক্তব্য রাখেন সাবেক এমপি তানভীর শাকিল জয় প্রমুখ।

এর আগে তিনি ৬৩ কোটি টাকা ব্যয়ে কাজীপুরে বেগম আমেনা মনসুর টেক্সাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় প্রকল্প পরিচালক পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু