জুভেন্টাসের জন্য সিরি-আ শিরোপা ধরে রাখা কঠিন হবে : বুফন

সিরি-আ লীগে ক্রমেই শক্তিশালী দল গড়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে এসি মিলান, রোমা, ইন্টার ও নাপোলির মত জায়ান্টরা। আর সে কারণেই আসন্ন মৌসুমে জুভেন্টাসের জন্য লীগ শিরোপা ধরে রাখা বেশ কঠিন হবে বলেই মনে করছেন অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
 
২০১৭-১৮ মৌসুমে টানা সপ্তমবারের মত সিরি-আ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে জুভেন্টাস। কিন্তু ইতোমধ্যেই মিলান, রোমা, ইন্টার ও নাপোলিও গত মৌসুমে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। দল গোছানোর দিক থেকেও দলগুলো কোনভাবেই আর পিছিয়ে নেই বলেই মনে করেন বুফন।
 
এই ক্লাবগুলোর মধ্যে দলবদলের বাজারে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে মিলান। ইতোমধ্যেই আসন্ন মৌসুমকে সামনে রেখে জুভেন্টাসকে টপকে বিশ্বের বিভিন্ন ক্লাব থেকে লুকাস বিগলিয়া, আন্দ্রে সিলভা, হাকান কালহানোগলু, আন্দ্রে কোন্টি, রিকার্ডো রড্রিগুয়েজ, মাতেও মুসাচ্চিও, ফ্র্যাংক কেসি ও ফ্যাবিও বোরিনির মত পরীক্ষীত ফুটবলারদের দলে ভিড়িয়েছে মিলান। এছাড়া রিক কাড্রপ, কেনগিস আন্ডার, আলেক্সান্দার কোলারোভ, ম্যাক্সিম গোনালোনস, লিওনার্দো পেলেগ্রিনি ও হেক্টর মোরেনো রোমায় যোগ দিয়েছেন। ইন্টারে যোগ দিয়েছেন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার বোয়া ভালেরো ও স্লোভেকিয়ান সেন্টার ব্যাক মিলান স্কিরিনার। গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করা নাপোলি অবশ্য তাদের পুরনো দলের ওপরই আস্থা রেখেছে। 
 
রোববার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রোমার বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে জয়ের পরে বুফন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সফরটা বেশ ভাল ছিল। মৌসুম শুরুর আগে নিজেদের ফর্ম ফিরে পাবার জন্য পুরো সফরটাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। এবারের আসরে শিরোপা ধরে রাখা জুভেন্টাসের জন্য দারুন কঠিন হবে। কারণ বেশ কয়েকটি ক্লাব নিজেদের শক্তিশালী করেছে। বিশেষ করে রোমা, ইন্টার, নাপোলি ও মিলান তাদের তারকাদের ধরে রাখার পাশাপাশি অন্যান্য খেলোয়াড়দের দলভুক্ত করেছে। জুভ যদিও আমাদের যোগ্যতার ওপর আস্থা রেখেছে। এই মূল্যায়নের কারনেই বছরের পর বছর সাফল্য এসেছে। আমরা মনে করি এবারও নিজেদের সেরাটাই দিতে পারবো।’
 
জুভেন্টাসও অবশ্য দলবদলের বাজারে বেশ ব্যস্ত সময় পার করেছে। পুরোনো তারকা হুয়ান কুয়াড্রাডো ও মেডি বেনাটিয়ার সাথে চুক্তি স্থায়ীকরণের পাশাপাশি আসন্ন মৌসুমের জন্য ফিওরেন্তিনা থেকে উইঙ্গার ফেডেরিকো বেনারডেশি, বায়ার্ন মিউনিখ থেকে ডগলাস কস্তা, রোমা থেকে গোলরক্ষক ওজিচে সিজিনসি, মিলান থেকে ফুল ব্যাক মাত্তিয়া ডি সিজিলিও ও বোকা জুনিয়র্সের মিডফিল্ডার রডরিগো বেনটানকারকে দলে ভিড়িয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। বাসস।
 
ইত্তেফাক/রেজা