সারাদেশে ছড়িয়ে থাকা উদ্যমী তরুণ সংগঠকদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড জেতার সুযোগ নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো আবেদনের সময় বাড়িয়েছে তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র চত্বরে (টিএসসি) ঢাকা জেলার ক্যাম্পাস অ্যাক্টিভেশন চলাকালীন এই ঘোষণা দেয়া হয়। পুর্বে, আবেদনের শেষ সময় ছিল ৩১ জুলাই পর্যন্ত।
গত দুই মাস ধরে দেশের প্রতিটি অঞ্চল থেকে তরুণ সমাজকর্মী ও সংগঠকদের তুলে আনতে আটটি বিভাগে চলমান ক্যাম্পাস অ্যাক্টিভেশনের অংশ হিসেবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সমাজের বিভিন্ন পর্যায়ের উন্নয়নে কর্মরত রয়েছেন তারা এই অ্যাক্টিভেশনের মাধ্যমে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এর জন্য রেজিস্ট্রেশন করেছেন।
পুরো টিএসসি চত্বরে চারটি বুথের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া পরিচালিত হয় একই সাথে ২০১৫ সালের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীদের নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। ২০১৫ সালের পাঁচজন বিজয়ী, ইয়াং বাংলার কর্মকর্তাবৃন্দ, ইয়াং বাংলা প্ল্যাটফর্মের সেক্রেটারিয়েট সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই) এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
IMG0
তরুণদের অনুপ্রাণিত করতে বিকেলে অবাক করে দিয়ে উপস্থিত হন বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমাজ পরিবর্তনে আত্মনিয়োজিত তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।
১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ, যারা সমাজ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তারা এই লিংকে (http://youngbangla.org/member/) পুরস্কারটির জন্য আবেদন করতে পারবেন ।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ আগামী অক্টোবরের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
২০১৪ সালে যাত্রা শুরু করে ইয়াং বাংলা, যার মূল লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করা এবং তাদের মতামত ও পরিকল্পনা নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেয়া।
এই লক্ষ্যে দেশের আনাচে কানাচে যেসকল তরুণ কাজ করে যাচ্ছে তাদের সাফল্য-সংগ্রামকে সবার কাছে তুলে ধরার জন্যই এই পুরস্কারের প্রণয়ন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি