তাইওয়ানে সমকামীদের বিয়েকে স্বীকৃতি দেওয়া হবে কিনা তার ওপর গণভোট শুরু হয়েছে। যদি এই ভোট সমলিঙ্গের পক্ষে যায় তাহলে তাইওয়ান হবে এশিয়ার প্রথম দেশ যেখানে সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি বৈধতা পাবে। খবর বিবিসির।
দেশটির স্থানীয় সময় আজ বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। দিন শেষেই ভোটের ফল প্রকাশ করার কথা রয়েছে।
দেশটির শীর্ষ আদালত ইতিমধ্যে সমলিঙ্গের বিয়ের পক্ষে রায় দিয়েছে। একই রায়ে আইন সংশোধন করতে বা নতুন একটি আইন পাস করতে দেশের পার্লামেন্টের প্রতি নির্দেশনা দেয় কোর্ট। তারই প্রেক্ষিতে এই ভোট হচ্ছে।
পাবলিক অপিনিয়নের জরিপে বলা হয়, দেশটির ৭৭ শতাংশ নাগরিক নারীর ও পুরুষের মধ্যে বিয়ের বর্তমান রীতিকে সমর্থন করছেন।
অন্যদিকে দেশটির সরকারের তরফ থেকে বলা হয়, এই ভোটের রায় যাই হোক আদালতের রায়ের বিরুদ্ধে কিছুই করা হবে না।
সমলিঙ্গের বিয়ে নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা জানায়, তাইওয়ানের এই ভোটে সমকামীতার বিপক্ষে গেলে তারা একটু হলেও বিপাকে পড়বে। এছাড়া দেশটির সরকারও তখন আইনে পরিবর্তন আনতে পারে।
ইত্তেফাক/এসআর