মাটিরাঙ্গায় গুলি করে হত্যার চেষ্টা, অস্ত্রসহ আটক ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের এক সদস্যকে গুলি করে হত্যা করতে এসে গ্রামবাসীর হাতে ধরা পড়েছে অনিমেষ চাকমা (২০) নামে ইউপিডিএফের এক সন্ত্রাসী। গ্রামবাসী গণধোলাই দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে তাকে। এদিকে নিরাপত্তাবাহিনী   আটক ইউপিডিএফের সন্ত্রাসীকে নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে একটি ইউএসএ'র  তৈরি ৭.৬৫ মি.মি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে। সোমবার রাতে  এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেনার তপ্ত মাস্টার পাড়া এলাকায় জেএসএস (সন্তু) গ্রুপের সমর্থক আশুতোষ ত্রিপুরাকে হত্যা করার উদ্যেশ্যে ইউপিডিএফের সন্ত্রাসীরা বাসায় ঢুকে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে আশুতোষ দৌড়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। এসময় গুলির শব্দে গ্রামবাসীরা আশুতোষের বাড়ির দিকে এগিয়ে এলে সন্ত্রাসীরা আরও দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে ধাওয়া করে এক সন্ত্রাসীকে ধরতে সক্ষম হলেও অন্যারা পালিয়ে যায়। গ্রামবাসীরা আটক অনিমেষ চাকমাকে গণধোলাই দিয়ে নিরাপত্তাবাহিনীর কাছে  সোপর্দ করে।
 
সন্তু লারমা সমর্থিত জেএসএস সমর্থক আশুতোষ ত্রিপুরা জানান, সোমবার রাত ৯টার দিকে তিনি ঘরে ভাত খাচ্ছিলেন। এসময় হঠাৎ  ইউপিডিএফ’র এলিন গ্রুপের প্রধান এলিন চাকমার নেতৃত্বে প্রণব ও শুভসহ ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী ঘরের দরজায় দাঁড়িয়ে
তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
 
মাটিরাঙ্গা সেনা জোন সূত্রে জানা যায়, খবর পেয়ে তাৎক্ষণিক মেজর ইমরুল কায়েসের নেতৃত্বে সেনাবাহিনী ঘটনাস্থলে যান। গ্রামবাসীরা আটক সন্ত্রাসী অনিমেষকে সেনাবাহিনীর হাতে তুলে দেন। এসময় সেনাবাহিনী আটক সন্ত্রাসীকে নিয়ে তপ্ত মাস্টারপাড়ার পাহাড়ে তল্লাশি চালিয়ে  ইউএসএ’র তৈরি একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। সোমবার রাতেই সেনাবাহিনী অনিমেষ চাকমাকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।
 
এদিকে খবর পেয়ে সোমবার রাতেই খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহাম্মদ খান,  সহকারী পুলিশ সুপার রামগড় (সার্কেল) সৈয়দ মো. ফরহাদ ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক অনিমেষ  চাকমা মাটিরাঙ্গার বাইল্যাছড়ির বিবর্তন চাকমার ছেলে এবং ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের সদস্য। তিনি বলেন, এলিন চাকামা ও অনিমেষ চাকমাসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় হত্যার চেষ্টা ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। আশুতোষ ত্রিপুরা ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বাদী হয়ে পৃথক পৃথকভাবে মামলা দু’টি দায়ের করেন।
 
ইত্তেফাক/এমআই