শাহজালালে বিদেশি সিগারেট ও মোবাইলসহ আটক ৪

ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও ১৮টি মোবাইল আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ আজ মঙ্গলবার শাহজালালে অভিযান চালিয়ে চারজন যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৭৪ হাজার ৪’শ শলাকা বিদেশি সিগারেট আটক করে। এসব সিগারেট ৩৭২ কার্টনে পাওয়া যায়। কাস্টমসের মহাপরিচালক ড. মাইনুল খান এই তথ্য জানান।
 
আটক হওয়া যাত্রীরা হলেন- বরিশালের মো. জসিম, ভোলার সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জের রিপন ও মাজহারুল ইসলাম। তারা চারজন মালয়েশিয়া থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিএস ৩১৪ ফ্লাইটে বিমানবন্দরে সকাল ৭ টার দিকে অবতরণ করে।
IMG0
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের গতিরোধ করে। ব্যাগেজ বেল্টসহ তাদের তল্লাশি করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের আটটি লাগেজ খুলে ৭৪ হাজার ৪’শ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে। আটককৃত সিগারেট ৩৭২টি কার্টনে পাওয়া যায়। যার মধ্যে ২৭৭টি কার্টন ইন্দোনেশিয়ার ব্লাকব্র্যান্ডের। অন্যদিকে ৯৫টি কার্টনে ইন্দোনেশিয়ার গুদাং গরম ব্র্যান্ড ও এমআই ব্র্যান্ডের ১৮টি মোবাইল৷
 
পণ্যের শুল্ক করসহ আটক সিগারেটের মূল্য প্রায় ২৯ লাখ ৭৬ হাজার টাকা। মোবাইলের মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই