ভারতে পাচারের প্রাক্কালে বেনাপোলে ২ কিশোরী উদ্ধার

 
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সোমবার রাতে বেনাপোল সীমান্তের পুটখালী-বাঁশতলা এলাকা থেকে দুই কিশোরীকে উদ্ধার করেছে। ভালো কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের প্রক্কালে তাদের উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
 
উদ্ধার হওয়া কিশোরীরা হলো, কিশোরগঞ্জের দক্ষিণগাজী গ্রামের আইনুদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (১৪) ও একই এলাকার মুনজীল আলীর মেয়ে বিউটি খাতুন (১৩)। বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে বিজিবির একটি দল পুটখালী-বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এএম।