কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে সোমবার বিকেলে বাঁকখালী নদীতে ডুবে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও তাদের এখনো খোঁজ মেলেনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাকঁখালী নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় ওই এলাকার জহির আলমের মেয়ে রোজিনা আক্তার (১০) ও আব্দুল আজিজের মেয়ে শারমিন আক্তার (৯)।
রোজিনা ফাক্রির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শারমিন নাপিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) কাজী আরিফ জানান, গতকাল থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত আছে। রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম চট্টগ্রাম শহর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি আনিয়েছেন। নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রীদের উদ্ধার করা যায়নি।
ইত্তেফাক/জামান