সাভারের খরস্রোতা নদীতে গোসল করতে গিয়ে ডুবে অকাল মৃত্যু হয়েছে মেধাবী শিক্ষার্থী আবির মাহাফুজের। আবির ঠাকুরগাঁও শহরের নাট্য ব্যক্তিত্ব ও কলামিষ্ট আজমত রানার ছেলে।
মঙ্গলবার দুপুরে আবির সহপাঠিদের সঙ্গে নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পানিতে ডুবে আবিরের মৃত্যুর খবর শুনে পরিবার, বন্ধু ও শুভাকাংক্ষীদের মাঝে শোকের ছায়া নেমেছে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু জানান, মেধাবী শিক্ষর্থীরা আবিরের অকাল প্রয়াণে আমরা সকলে শোকাহত। এভাবে একজন মেধাবী শিক্ষার্থী পরিবার পরিজনকে রেখে না ফেরার দেশে চলে যাওয়া তা মেনে নেওয়াটা খুবই কষ্টকর।
জানা গছে, আবিরের বাবা আজমত রানা ঠাকুরগাঁও শহরের একজন নাট্য ব্যক্তিত্ব ও কলামিষ্ট হিসেবে পরিচিত। তিনি ঠাকুরগাঁও পিডিবি রোড পাওয়ার গ্রিড হাউজে কর্মরত। শহরের বড়মাঠের পাশেই একটি ভাড়া বাড়িতে এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার তার। ছেলে এবং মেয়ে দুজনই মেধাবী। বড় ছেলে আবিরকে ইঞ্জিনিয়ার ও ছোট মেয়েকে ডাক্তার হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তার। এরমধ্যে আবিরের মৃত্যুতে পরিবারটির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলো!
আবির ২০১১ সালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে কৃতীত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সাভারের একটি কলেজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। আবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। ছেলের মৃত্যুর খবর কোন মতেই মনে নিতে পারছিলেন না আবিরের বাবা।
বুধবার সাভার থেকে আবির মাহাফুজের মরদেহ ঠাকুরগাঁওয়ে পৌঁছুবে। পরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু