গাজীপুরের শ্রীপুরে থানার এএসআই আশরাফ আলী ও শিক্ষা নবীশ এসআই আবু বকর সিদ্দিককে মঙ্গলবার রাতে (১ আগস্ট) গাজীপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৩১ জুলাই সোমবার রাতে ওয়ারেন্ট মূলে মাছ ব্যবসায়ী সেলিমকে (২৬) গ্রেফতার করে শ্রীপুর থানার শিক্ষা নবীশ এসআই (পিএসআই) আবু বকর সিদ্দিক ও এএসআই আশরাফ আলী। গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ী সেলিম শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড (দারগারচালা) গ্রামের তাহের আলীর ছেলে। গ্রেফতারের পর সেলিমের ছোট ভাই মোহাম্মদ আলী গ্রেফতারের কারণ জানতে চাইলে পিএসআই আবু বকর সিদ্দিক জানান, তার ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ধারায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে তাকে দু’লাখ টাকা দিলে সেলিমকে ছেড়ে দেয়া হবে বলে পিএসআই সিদ্দিক জানালে এলাকায় মুহূর্তে স্থানীয় মাছ ব্যবসায়ী ও এলাকাবাসী সেলিমের মুক্তি ও ঘুষখোর পিএসআই সিদ্দিকের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ২ ঘণ্টা বিক্ষোভ করে। পরে হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই দুই কর্মকর্তাকে গাজীপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রশাসনিক কারণে তাদের ক্লোজড করা হয়েছে।
ইত্তেফাক/এমআই