চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
জেলার হাজীগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক রিকশা যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছে। মৃত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলার রামরা বড়বাড়ি গ্রামের মুকবুল হোসেনের (৩২)। দুর্ঘটনায় আহতরা হলেন, অটোরিকশা যাত্রী মাকসুদা বেগম (৫৫), রবিন (৩০) ও অটোরিকশা চালক মহরম বেপারী (২০)।
 
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিনাথ সাহা জানায়, চাঁদপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে হাজীগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। অটোরিকশা দেবপুর বাজার এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে বোগদাদ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীরা গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় যাত্রী মুকবুল হোসেন মারা যায়।
 
চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল আবেদীন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
 
এসআই বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।বাসস
 
ইত্তেফাক/এমআর