দোহারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকার দোহার উপজেলার আলোচিত ঘাট ইজারাদার শহীদ উল্লাহ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমিজ উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াবড়ি ইউনিয়নের নয়াডাঙ্গি গ্রামের পদ্মানদী তীরবর্তী একটি টং ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। রমিজ নয়াডাঙ্গি গ্রামের মৃত ছকিল উদ্দিন ছকুর ছেলে।
 
জানা গেছে, ১৯৯৭ সালে আগস্টের প্রথম সপ্তাহে তৎকালীন মৈনট ঘাটের ইজারাদার শহীদ উল্লাহকে হাত-পা বেঁধে হত্যা করে বস্তায় ভরে পদ্মা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে দোহার থানায় একটি হত্যা মামলা হয়। পরে আদালত হত্যাকাণ্ডে জড়িত রমিজসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
 
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ এক মাস চেষ্টার পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি