রাজশাহীর বাঘা উপজেলায় এক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ওঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে বুধবার সন্ধ্যার পর মুখবেঁধে ফাঁকা মাঠের মধ্যে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ধর্ষিতার ভাই।
অভিযোগে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর উপজেলার খাগড় বাড়িয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে জাকির হোসেন (২২) ও একই গ্রামের সমজানের ছেলে নাজমুল (২৫) ওই স্কুলছাত্রীকে মুখ বেধে ফাঁকা মাঠের মধ্যে তুলে নিয়ে যায়। এরপর দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণের পর তাকে গ্রামের একটি স্কুলের পাশে রেখে যায়।
আড়ানী ইউনিয়নের স্থানীয় মেম্বর আবুল কালাম জানান, বুধবার সন্ধ্যার দিকে মেয়েটি প্রতিবেশীর বাড়ি থেকে ফেরছিলো। এসময় ওই রাস্তা থেকে তুলে নিয়ে যায় বখাটে জাকির এবং নাজমুল। পরে স্থানীর স্কুলের কাছে রইচ উদ্দিনের বাড়ির পাশে থেকে মেয়েটিকে রাত একটার পর উদ্ধার করা হয়।
বাঘা থানার ওসি আলী মাহামুদ জানান, ওই মেয়েটিকে বৃহস্পতিবার দুপুরে তার মা ও ভাই থানায় নিয়ে এসে মামলা দিয়েছে। আমরা অভিযোগ পাওয়ার পর ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছি।
ইত্তেফাক/জামান