এবার নির্যাতনের পর স্ত্রীর চুল কেটে দিল স্বামী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তাছলিমা বেগম (১৯) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর চুল কেটে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে বন্দরের বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে স্বামী নাছির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গৃহবধূ তাছলিমা জানান, উপজেলার মুছাপুর ইউপি বারপাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে নাছির মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ২০১৪ সালে তাছলিমা বিয়ে হয়। বর্তমানে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। প্রেমের বিয়ে বলে মেনে নিতে পারেনি শ্বশুর-শাশুড়ি ও পরিবারের লোকজন। বুধবার রাতে আনারস খাওয়াকে কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরে ননদ আলেহা বেগম ও ছালেহা বেগম, শ্বশুর-শাশুড়ি এবং স্বামী নাছির মিয়া মিলে অমানবিক নির্যাতন চালায় তার ওপর। পরে চুল কেটে বাড়ি থেকে বের দেয়। আহত তাছলিমা লালমনিরহাট পাঁচগ্রাম পশ্চিম জগদ্দের এলাকার বাবর উদ্দিনের মেয়ে।
 
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে গৃহবধূ তাছলিমা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামীকে গ্রেফতার করা হয় এবং মামলা নেয়া হয়। বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/জামান