সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সাতক্ষীরায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হাসান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরবনগরে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস ( খুলনা মেট্রো ব ০৫-০০০৫৫) বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশের একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে বাসটি। সেখানে থাকা তারাপদ মন্ডলের স্ত্রী গুরুদাসী মন্ডল (৫০) ও প্রতিবেশী আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০) নিহত হন। গাড়ির তলায় চাপা পড়ে থাকা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার ব্রিগেডের একটি দল।
 
দুর্ঘটনার পরপরই ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাদের নাম পরিচয় জানা যায়নি।
 
এদিকে, এর আগে সকাল সাড়ে সাতটার দিকে শ্যামনগরের নকিপুর ঈদগাহ ময়দানের পাশে মোটরসাইকেল ও ইটবাহী ট্রাকের ( মুন্সিগঞ্জ ট ০২-০০২২) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লাইলি বেগম (৫৫) নামের এক নারী নিহত হন। এ ঘটনায় আহত হন তার স্বামী নুর ইসলাম। 
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ মান্নান আলি জানান, হরিনগর গ্রামের নুর ইসলাম ও তার স্ত্রী লাইলি বেগম একটি ভাড়ায় মোটরসাইকেলে শ্যামনগর আসার পথে দুর্ঘটনার শিকার হন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
 
অপরদিকে, কলারোয়া উপজেলার কোটার মোড় নামক স্থানে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম শাওন (২৪)। তিনি যশোর জেলার শার্শা এলাকার আতিয়ার রহমানের ছেলে।
 
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই