দুর্গাপুরে আওয়ামী লীগ-বিএনপি'র সংঘর্ষ, এএসপি'সহ আহত ১৫

 
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরে শুক্রবার দুপুরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সার্কেল সিনিয়র এএসপি শাহ শিবলী সাদিক, এস আই রফিকুল ইসলাম, কবীর হোসেনসহ পুলিশের পাঁচ সদস্যসহ ১৫জন আহত হয়েছেন।
 
এ ঘটনায় পুলিশ উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়াসহ সাতজন নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে শুক্রবার বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের নির্ধারিত তারিখ ছিল। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের বাগিচাপাড়ায় পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান রুনুর বাসায় জড়ো হয়। দুপুর দুইটার দিকে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি'র নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
 
দুর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ বিএনপির সভাপতিসহ সাতজনকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
ইত্তেফাক/জামান