রাজধানীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

 
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শুভ্র বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় রায়হান (১৮) নামে তার বন্ধু আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
শুভ্র বিশ্বাস শুক্রবার রাতে তার এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে চকবাজার খাজে দেওয়ান এলাকায় যান। ভোরে তার আরেক বন্ধু রায়হানকে নিয়ে মোটরসাইকেল যোগে তারা ফিরছিলেন।
 
এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে শুভ্রর মৃত্যু হয়।
 
শুভ্র আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ১৮/বি নম্বর ফ্লাটে থাকতেন। তিনি মিরপুর কমার্স কলেজের ছাত্র। তার বাবার নাম সুনীর বিশ্বাস। তার মা মনজু রানী বিশ্বাস। ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। 
 
অভিযোগ রয়েছে, শুভ্রকে আহত অবস্থায় ভোর সাড়ে ৪ টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তার কোনো চিকিৎসা করেননি। ওই সময় জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ঘুমিয়ে ছিলেন বলে অভিযোগ করেছেন শুভ্রের পরিবার। 
 
সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক ঘুম থেকে ওঠে এসে জরুরি বিভাগের রোগী বহনের জন্য ট্রলিতে শুভ্রকে দেখতে পান। এরপরই দ্রুত ওয়ার্ডে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 
 
ইত্তেফাক/কেকে