দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন ইংল্যান্ডের বোলিং কোচ ওটিস গিবসন। দুই দলের মধ্যকার চলমান টেস্ট সিরিজ শেষ হলেই নতুন এ দায়িত্ব পেতে পারেন এক সময় ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব পালন করা গিবসন।
স্থানীয় টেলিগ্রাফ স্পোর্টস পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গোর জায়গায় দক্ষিণ আফ্রিকার কোচ নিয়োগ প্যানেলের পছন্দের তালিকায় শীর্ষে আছেন গিবসন। পরবর্তী কোচ নিয়োগের বিষয়ে এ প্যানেল গত দুই মাস বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। চলমান টেস্ট সিরিজ শেষ হলেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।
গত চার বছর যাবত দায়িত্ব পালন করে আসছেন বর্তমান কোচ ডোমিঙ্গো। নতুন করে তাকে দায়িত্ব দেয়া হবে না জেনেও শেষ মুহূর্তে পুনরায় এ পদের জন্য আবেদন করেছেন তিনি। তবে ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে দুই টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা গিবসনই এ দায়িত্ব পাবেন বলে ধারণা করা হচ্ছে।
গিবসনের অধীনেই ২০১৬ টি-২০ বিশ্বকাপের শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ।
তবে এ বিষয়ে গিবসনের কোন মন্তব্য পাওয়া যায়নি। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) গিবসন কিংবা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছ থেকে এমন কোন প্রস্তাব পায়নি জানিয়েছে। বাসস।
ইত্তেফাক/রেজা