রাণীনগরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা

 
নওগাঁর রাণীনগরে মাদকসেবী ও ব্যবসায়ী মো. আজিজুর হককে (৩৫) পুলিশের হাতে তুলে দিল তার বাবা আক্কাস আলী। শনিবার উপজেলার কাশিমপুর চাড়াপাড়া গ্রামে হেরোইন বিক্রয় করার সময় তার বাবা ও দুই ভাই মিলে গ্রামপুলিশের সহযোগিতায় থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেন।
 
সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আজিজুল হকসহ আরো কয়েকজন মিলে দীর্ঘদিন যাবত মাদক সেবনসহ ব্যবসা করে আসছিলো। তারা যখন মাদক কেনার অর্থ না পায় তখন এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালাতো। এতে করে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। গত শুক্রবার রাতে আজিজুল যখন পরিবারের কাছ থেকে মাদক কেনার জন্য অর্থ চেয়ে না পায় তখন সে তার বাবাকে মারপিট করে। এতে করে তার অত্যাচারে পরিবার তার ওপর অতিষ্ঠ হয়ে পড়ে। উপায় না পেয়ে আজিজুলের গরীব বাবা ও তার দুই ভাই তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
 
রাণীনগর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল হেরোইন সেবন ও বিক্রয় করার সময় গ্রাম পুলিশের সহযোগিতায় তার বাবা ও ভাইয়েরা মিলে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করে আমাদের হাতে সোপর্দ করে। আজিজুলের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।
 
ইত্তেফাক/জামান