পঞ্চগড়ে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান

শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পঞ্চগড় জেলার ১০ গুণী শিল্পী ও সংস্কৃতজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান করা হয়েছে। শনিবার রাতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল হালিম প্রধান অতিথি হিসেবে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক (পদক, সাটিফিকেট, উত্তরীয় ও প্রত্যেককে ১০ হাজার টাকা) তুলে দেন।

অনুষ্ঠানে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহম্মদ ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রহ্লাদ চন্দ্র বর্মন, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সদস্য আবু তোয়াবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন, যাত্রা শিল্পে বীর মুক্তিযোদ্ধা এ কে এম বদিউজ্জামান (২০১৫), নৃত্যকলায় রুখশানা আরা হক কেয়া (২০১৫), লোকসংস্কৃতিতে তেতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম (২০১৫) ও বীর মুক্তিযোদ্ধা মো. তাজিমউদ্দীন (২০১৬), নাট্যকলায় মো. আনোয়ারুল হক বাবুল (২০১৬), আবৃত্তিতে বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর মজুমদার (২০১৬), যন্ত্র সংগীতে মো. শাহজাহান আলী বাউল (২০১৫) ও দুলাল চন্দ্র বর্মন (২০১৬), কন্ঠ সংগীতে বিপ্লব কুমার বুলেট (২০১৫) ও মো. ওয়াজেদ আলী (২০১৬)।

আবৃত্তিতে সম্মাননা প্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবির মজুমদার জেলা শিল্পকলা একাডেমিসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর আবৃত্তিতে আমার এই সম্মাননা পরবর্তী প্রজন্মকে প্রেরণা ও উৎসাহ যোগাবে তাদেরকে গুণী মানুষ হিসেবে উজ্জীবিত করবে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি শিল্প ও সংস্কৃতিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পাঁচ জন গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করে আসছে।

ইত্তেফাক/নূহু