মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার প্রয়াত মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের পদক ও র্যাংক ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। একইসঙ্গে মুক্তিযুদ্ধে তাঁর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানেরও দাবি জানানো হয়। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এই দাবি জানানো হয়।
পিরোজপুর গভর্নমেন্ট স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন, ঢাকা’র উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ.ম. রেজাউল করিম, প্রফেসর নিয়াজ আহমেদ ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সায়েম আহমেদ। এতে সভাপতিত্ব করেন প্রফেসর রুহুল আমিন, সঞ্চালনা করেন মোস্তাক গাউসুল হক।
মুক্তিযুদ্ধে মেজর জিয়াউদ্দিন আহমেদের ভূমিকা তুলে ধরে ও তাঁর নানা স্মৃতিচারণ করে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন কখনও নিজের পারিবারিক দুরাবস্থার কথা কাউকে জানতে দেননি। তিনি এমনভাবে চলতেন, কথা বলতেন-কেউ তাঁর পরিবারের বাস্তব দৈন্যদসা বুঝতেই পারতেন না। সরকার থেকে সনদ নিয়ে মুক্তিযোদ্ধা ভাতা নেওয়ার জন্য বারবার বলা হলেও নিজের ভাবমূর্তির কথা বলে জিয়াউদ্দিন কখনও তাতে সায় দেননি। বক্তারা আরো বলেন, সুন্দরবন রক্ষার জন্য মেজর জিয়াউদ্দিন আজীবন সংগ্রাম করে গেছেন।
ইত্তেফাক/নূহু