মীর্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামে আমতলা খালের ওপর নির্মিত গার্ডার ব্রিজের দু’পাশে সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন যাবত্ এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। গার্ডার ব্রিজ সংলগ্ন কোনো বিকল্প সড়ক না থাকায় ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ২০১১-১২ অর্থবছরে ৭৯ লাখ ২৪ হাজার ১৫৮ টাকা ব্যয়ে উপজেলার আমতলা খালের ওপর গার্ডার ব্রিজটির ঠিকাদার নির্বাচিত হয় বরিশালের সুমি এন্টারপ্রাইজ। কিন্তু বিগত পাঁচ বছরে ব্রিজের ৯০ ভাগ কাজ সমাপ্ত করে অজ্ঞাত কারণে রেলিং এবং সংযোগ সড়ক না করেই কাজ বন্ধ করে দেয় ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে শুষ্ক মৌসুমে ব্রিজের পাশ ঘুরে লোকজন চলাচল করতে পারলেও ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, ব্রিজটি নির্মাণ হলেও চলাচলের কোনো উপায় নেই। মাটি থেকে প্রায় ১০ ফুট উঁচু ব্রিজে উঠতে ব্যবহার করতে হয় বাঁশের মই।
মীর্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন বলেন, ব্রিজটির অধিকাংশ কাজ সম্পন্ন হলেও রেলিং ও সংযোগ সড়ক করার জন্য ঠিকাদারকে বার বার তাগিদ দেয়া সত্ত্বেও তিনি বাকি কাজ সম্পন্ন করছেন না। এ অবস্থায় শিগগিরই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং জনদুর্ভোগ লাঘবে বিকল্প পন্থায় সংযোগ সড়ক করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ইত্তেফাক/নূহু