বাল্যবিয়ে করতে এসে মুচলেকা দিয়ে পালালো বরপক্ষ

 
নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমার হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল উপজেলা সদরের কৃষি ব্যাংক পার্শ্ববর্তী জাহের আলীর বাড়ির ভাড়াটিয়া আবদুল মোতালিবের মেয়ে। বর সাইমন মিয়াকে রেখে পিতাসহ বরযাত্রীরা বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
 
মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলীর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা পুলিশ নিয়ে হাজির হন জাহের আলীর বাড়িতে । কিন্তু বিয়েতে আসা বর পক্ষের লোকজন উপজেলা সহকারী কমিশনার ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বরকে রেখে বরের পিতা ও বরযাত্রীরা বিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন।
 
উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা উপস্থিত হয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে তাদের ধারণা দেন। মুচলেকা নিয়ে বন্ধ করেন বিয়ে। ফলে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল জান্নাতুল ফেরদৌস। 
 
উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা জানান, পাত্র-পাত্রী দুই জনই ১৮ বছরের নিচে নাবালক হওয়ায় তাদেরকে জেল-জরিমানা করা হয়নি। তাই কন্যার মা খাইরুন নেছার ও বর সাইমন মিয়ার মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। 
 
ইত্তেফাক/আনিসুর