চরফ্যাশনে বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগনো স্বামী নিরব (২৮) ও স্ত্রী সারমিনের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টায় পৌরসভা ২নং ওয়ার্ডের মিজি বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। নিহত নিরব পৌরসভা ২নং ওয়ার্ডের মৃত মোছলেউদ্দিন সরদারের ছেলে। আর সারমিন উত্তর মাদ্রাজ ৮নং ওয়ার্ডের ইসমাইল ব্যাপারীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পার্শ্ববর্তী স্কুল ছাত্র ইসমাইলসহ কয়েকজন নিহত নিরবের ঘরের পাশ দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় ঘর থেকে শিশুর কান্না শুনে ওই ঘরে যায় তারা। ঘরের দরজা বন্ধ দেখে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে। পরে স্বামী নিরবের মৃতদেহ মাটিতে এবং স্ত্রী শারমিনের ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় তাদের দেড় বছরের শিশু বাবার লাশের পাশে কান্না করতে দেখা যায়। এদৃশ্য দেখে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে বিষয়টি থানা পুলিশকে জানায়।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। স্বামীর লাশটি ওড়না ছিঁড়ে মাটিতে পড়া ছিল এবং স্ত্রীর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা আরও জানান, নিহত সারমিনের এটি দ্বিতীয় বিয়ে। ৩-৪ মাস আগে প্রেম করে নিরবের সাথে সারমিনের বিয়ে হয়। সারমিনের আগের ঘরের দেড় বছরের একটি সন্তান রয়েছে।
ইত্তেফাক/এমআই