চট্টগ্রামের চাক্তাই বাণিজ্যিক এলাকায় আগুনে ৩টি রাইচ মিল, ৯টি চালের দোকান, কয়েকটি মুদির দোকান ও বিপুল পরিমাণ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর রবিবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ণয় করেছে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার দিবাগত রাত ৩টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লামাবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে আগ্রাবাদ ফায়ার স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে আসা ১২টি অগ্নিনির্বাপক গাড়ি আগুন নেভানোর কাজে লিপ্ত হয়। রবিবার সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিপুল পরিমাণ ধান, চাল ও অন্যান্য পণ্য মজুদ ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোতে নগদ টাকা ছিল। শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা এ সময়ে বিক্রিত পণ্যের টাকা ব্যাংকে রাখতে না পারায় দোকানের ক্যাশে রক্ষিত ছিল। আগুনে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা।
লামাবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুল মান্নান ইত্তেফাককে বলেন, ‘আমরা দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে লিপ্ত হয়। এ সময় নদীতে ভাটার কারণে পানি একেবারেই খালের নিচে ছিল। মেশিন চালু করার পর এক পর্যায়ে ময়লাযুক্ত পানি ঢুকে পাম্প অচল হয়ে যায়। পরে অন্য ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/ইউবি