জেএমবি মাহমুদ দুই দিনের রিমান্ডে

 
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার জেএমবি ক্যাডার মাহমুদ হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
রবিবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শাহানাজ পারভিন তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এরআগে বাঘা থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে। রাজশাহী কোর্ট পুলিশের পরিদর্শক খুরশিদা বানু কনা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
খুরশিদা বানু জানান, গত ৩১ জুলাই ভোরে বাঘার মীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে তালিকাভুক্ত জেএমবি ক্যাডার মাহমুদ হাসান ওরফে মাহমুদ সরদারকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
 
বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, জঙ্গি মাহমুদ সরদারের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের দিল মোহাম্মাদের ছেলে। এছাড়া মাহমুদ ৪৬ নম্বর তালিকাভুক্ত জেএমবি সদস্য।
 
ইত্তেফাক/জামান