দুবাইয়ে একটি দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজী হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন সিরিজের অংশ হিসেবেই গোলাপী বলে এই টেস্ট খেলতে চায় দুই দেশ, এমন ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।
গত বছর দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি দিবা-রাত্রির টেস্ট খেলেছিল পাকিস্তান যেখানে স্বাগতিকরা জয়লাভ করে। সেক্ষেত্রে এটা পাকিস্তানের জন্য গোলাপী বলে দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজন হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচের সূচি এখন দুই বোর্ড চূড়ান্ত করতে পারেনি। তবে শ্রীলঙ্কা অনুরোধ জানিয়েছে অক্টোবরের পরিবর্তে সিরিজটি যেন সেপ্টেম্বরের শেষে শুরু হয়।’
পাকিস্তান সিরিজের পরে লঙ্কানদের ভারত সফরে যাবার কথা রয়েছে। সে কারনেই পাকিস্তানের বিপক্ষে সিরিজটি কিছুটা এগিয়ে আয়োজনের অনুরোধ জানিয়েছে লঙ্কান বোর্ড। চলতি সপ্তাহেই সিরিজের সূচি ঘোষণা করা রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। সূত্রটি লংকান বোর্ডের বরাত দিয়ে বলেছে, শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে দিবা-রাত্রির টেস্ট খেলার কথা জানালে পিসিবিও এ ব্যপারে সম্মতি জানিয়েছে। কারণ তাদের মতে এতে করে আরো বেশী সংখ্যক সমর্থক টেস্টের প্রতি আকৃষ্ঠ হয়ে স্টেডিয়ামে আসবে।
গত শীতে ব্রিসবেনে অস্ট্রেলিয়া সফরেও পাকিস্তান একটি দিবা-রাত্রির টেস্ট খেলেছিল। সূত্রটি জানিয়েছে পাকিস্তান দুটি টি২০ ম্যাচ লাহোরে খেলার জন্য যে প্রস্তাব দিয়েছিল তাতে সায় দেয়নি শ্রীলঙ্কা। যদিও পিসিবি এখনো এ ব্যপারে আশা ছাড়েনি।
উল্লেখ্য, ২০০৯ সালে এই লাহোরেই শ্রীলঙ্কান খেলোয়াড়দের বহনকারী বাসে সন্ত্রাসী হামলার জেড় ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আইসিসি। বাসস।
ইত্তেফাক/রেজা