বগুড়ায় ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই শিক্ষার্থী এবং তার মা এখন সুস্থ।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ১১ দিন চিকিৎসা শেষে সোমবার চিকিৎসকরা তাদের ছাড়পত্র দেন । এরপর তাদের আদালতে নেয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের থাকা এবং নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) উপ-পরিচালক নির্মলেন্দু চৌধুরী জানান, ওই শিক্ষার্থী এবং তার মা এখন সুস্থ। তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ( এসার্কেল) সনাতন চক্রবর্তী জানান, দুপুরের পর ওই শিক্ষার্থী ও তার মাকে জেলার অতিরিক্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এ হাজির করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের থাকা ও নিরাপত্তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বগুড়ায় রাখা হলে মা-মেয়েকে পুলিশ উপযুক্ত নিরাপত্তা দেবে।
এর আগে গত ২৮ জুলাই থেকে পুলিশ নিরাপত্তায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসা সেবা প্রদান করা হয় । ১ আগস্ট ধর্ষণের শিকার শিক্ষার্থী ২২ ধারায় তার জবানবন্দি প্রদান করে। বগুড়ার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই জবানবন্দি গ্রহণ করেন।
ইত্তেফাক/ইউবি