কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া-আশারকোটা-আশ্বদিয়া হয়ে পেরিয়া বাজার সড়কটি দীর্ঘ ১৮ বছরেও সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা বিরাজ করছে। সড়কটিতে পিচ উঠে অসংখ্য খানা-খন্দক সৃষ্টি হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। এলাকাবাসীকে সড়কটির খানা-খন্দক দিয়ে ভোগান্তির মধ্যে নিয়মিত যাতায়াত করতে হয়।
এলজিইডির এ সড়কটির দৈর্ঘ্য এক হাজার ১৩০ মিটার। তত্কালীন সাবেক সংসদ সদস্য মরহুম জয়নাল আবেদিন ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৮-৯৯ অর্থবছরে সড়কটি পাকাকরণ করা হয়। পাঁচ বছর পার হওয়ার পর রাস্তাটিতে পিচ উঠে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়।
রাস্তাটির নির্মাণের ১৮ বছর পার হলেও অদ্যাবধি এটি মেরামত করা হয়নি। ফলে ব্যস্ততম এ রাস্তাটি প্রতিদিন দুই/চারটি ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। অত্র এলাকার জনগণ সড়কটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইত্তেফাক/নূহু