বগুড়ায় ধর্ষণের শিকার সেই ছাত্রী যাচ্ছে সেফ হোমে

 
বগুড়ায় ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই শিক্ষার্থীকে রাজশাহীর নিরাপত্তা হেফাজতে (সেফ হোম) এবং তার মাকে ঢাকার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ১১ দিন চিকিত্সা শেষে গতকাল সোমবার দুপুরে মা-মেয়েকে জেলার অতিরিক্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করে পুলিশ। এসময় ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ এমদাদুল হক এই নির্দেশ দেন।
 
এর আগে মা-মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। শজিমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. আবদুল মোত্তালেব হোসেন জানান, মা-মেয়ে দুজনই শারীরিকভাবে পুরোপুরি সুস্থ। এ কারণে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
 
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নির্যাতিতা শিক্ষার্থীর মা জানান, নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। তবে পুলিশ নিরাপত্তা দিলে তারা ভাড়ার ওই বাড়িতেই         থাকতে পারবেন। এসময় তিনি তার মেয়ের ধর্ষণকারী তুফান সরকার এবং নির্যাতনকারী পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
 
গত ১ আগস্ট বিকালে মেয়েটির জবানবন্দি গ্রহণ করেন বগুড়ার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামসুন্দর রায়। একইদিন সন্ধ্যায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ এমদাদুল হক এই পরিবারকে নিরাপত্তা দিতে জেলার পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেন।
 
গত ৪ আগস্ট ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে পান মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ। প্রতিবেদনে ধর্ষণের আলামত মেলার কথা জানান চিকিত্সকরা। প্রতিবেদনে মেয়েটিকে নাবালিকা বলেও উল্লেখ করা হয়।
 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, নির্যাতিতা মা-মেয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাদের আদালতে হাজির করা হয়। আদালত দুজনের বক্তব্য শুনে নির্যাতনের শিকার সেই শিক্ষার্থীকে রাজশাহীর নিরাপত্তা হেফাজতে (সেফ হোম) এবং তার মাকে ঢাকার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বগুড়ার জেলা কারাগার কর্তৃপক্ষ এই নির্দেশ বাস্তবায়ন করবে।
 
এদিকে, বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্কুলছাত্র মাসুক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বগুড়ায় মানববন্ধন-সমাবেশ করা হয়েছে। গতকাল  দুপুরে সাতমাথায় শহর জাসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
 
ইত্তেফাক/আনিসুর