রাজশাহীতে মাদক ব্যবসায়ী ইব্রাহিম আলীকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজশাহীর বিশেষ দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় দেন। দণ্ডিত ইব্রাহিম জেলার গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার আশরাফ আলীর ছেলে। এছাড়া ইব্রাহিমকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক খুরশিদা বানু কনা জানান, গত বছরের ৫মে মাদারপুর থেকে ১০০ গ্রাম হেরোইনসহ ইব্রাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোজাফফর হোসেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস।
এদিকে সাক্ষী না হয়েও সাক্ষ্য দিতে গিয়ে আদালতে ধরা পড়েছেন গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে দেলসুর রহমান (৪০)। এ সময় তাৎক্ষণিক বিচারে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সোমবার বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-৩ এ এই ঘটনা ঘটে। সন্ধ্যায় দেলসুরকে আদালতের হাজতখানা থেকে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই