ফুলপুরে তিনদিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের এমবিশন রেসিডেনশিয়াল স্কুল থেকে নিখোঁজ চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্রী কৃষ্ণা সাহা (১০) নিখোঁজের তিনদিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নিখোঁজের খবর পৌর শহরে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী নিয়ে আতংক বিরাজ করছে। 
 
ছনকান্দা গ্রীণ রোডের এমবিশন রেসিডেনশিয়াল স্কুলের পরিচালক, মুকুল আহসান জানান, গত বরিবার টিফিনের সময় স্কুলে বইয়ের ব্যাগ রেখেই নিখোঁজ হন ছাত্রী কৃষ্ণা সাহা। এরপর থেকেই নিরাপত্তার জন্য স্কুলটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, রাস্তার ওপরে স্কুলটির কোন সীমানা প্রাচীর নেই।
 
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা ইত্তেফাককে জানান, ফুলপুর পৌর শহরের সাহাপাড়ার পুলিশের সাব-ইন্সপেক্টর মৃত অনিল সাহার শিশু কন্যা কৃষ্ণা সাহা নিখোঁজের ঘটনায় ফুলপুর থানায় নারী ও শিশু অপহরণের মামলা দায়ের হয়েছে। পুলিশ এ ঘটনায়  বিশ্বজিৎ সাহা নামে সন্দেহভাজন একজনকে আটক করে মঙ্গলবার ৭ দিনে রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে। পুলিশ শিশুটি উদ্ধারে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে বলেও জানান।
 
ইত্তেফাক/এমআই