বগুড়ায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

 
নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর লাশের খোঁজ মিলল এক স্কুলছাত্রের। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনই নদী হতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
 
মৃত সৈকত ইসলাম শুভ (৯) উপজেলার নাটমরিচাই গ্রামের আবু হোসাইন প্রামাণিকের ছেলে এবং আলিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
 
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১২টার দিকে শুভ তার বাবার সঙ্গে নদীতীরের জমিতে যায়। সেখানে গিয়েই নিখোঁজ হয় সে। এলাকাবাসী ধারণা করে শুভ নদীর পানিতে পড়ে ডুবে গেছে। একারণে সন্ধ্যা পর্যন্ত তারা নদীতে সন্ধান চালায়। তাতে ব্যর্থ হয়ে বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে জানানো হয়। সেখান থেকে দমকল বানীর একদল কর্মী গিয়ে রাত ১০টা পর্যন্ত নদীতে ওই স্কুলছাত্রের সন্ধান চালায়। ওই এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে গর্তের সৃষ্টি হওয়ায় দমকল বাহিনীর সদস্যরাও শুভকে উদ্ধার করতে পারেনি।
 
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এলাকাবাসী গাংনই নদীর ছনেরঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে। শুভর পরিবারের সদস্যরা জানতে পেরে সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে এলাকাবাসী লাশটি নদী থেকে উদ্ধার করে। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান