বাগেরহাটে ছেলেকে ‘হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

বাগেরহাটের শরণখোলায় তিন বছর বয়সী ছেলেকে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই ঘর থেকে তার ২৮ দিন বয়সী আরেক শিশুকে উদ্ধার করা হয়েছে। তার গলাও রশি পেঁচানোর চিহ্ন রয়েছে!
 
মঙ্গলবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি এলকার অপু কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে। অপুর স্ত্রী শম্পা রাণী কর্মকার (২৪) ও তার ছেলে অরণ্য কর্মকারের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
শরণখোলা থানার ওসি আ. জলিল জানান, মঙ্গলবার সকাল থেকে অপু কর্মকারের বাড়িতে কারো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিরা তার বাড়িতে যান। বিকেলে তার ঘরের জানালা দিয়ে ঘরের ভেতরে অপুর স্ত্রী শম্পাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ অপুর বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের উপর থাকা তার তিন বছরের শিশু অরণ্য ও স্ত্রী শম্পার ঝুলে থাকা মরদেহ উদ্ধার করে। ২৮ দিন বয়সী ছেলে সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
 
পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানিয়েছেন ওসি।
 
ইত্তেফাক/মণ্ডল