রৌমারীতে চুরির অপবাদে জুতাপেটা

 
দেড় বছর আগে চুরি যাওয়া গরু চুরির অপবাদে তিন যুবককে বেধড়ক জুতাপেটা ও ৯০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ ওঠেছে গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে। রায় অনুযায়ী প্রত্যেককে ১০ ঘা করে জুতাপেটা করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গত দেড় বছর আগে চর বামনেরচর গ্রামের কবীর হোসেনের একটি ও পার্শ্ববর্তী মোল্লারচর গ্রামের নুর হোসেনের একটি মোট দুটি গরু চুরি যায়। অনেক খোঁজাখুঁজির পরও তারা গরু দুটির কোন সন্ধান করতে পাননি। এমনকি থানাকেও জানানো হয়নি। সম্প্রতি চর বামনেরচরের জাইদুল (১৮), সাখাওয়াত (১৯) ও মোল্লারচরের রবিউলকে (২৮) সন্দেহ করেন ওই গ্রামের নব্য মাতব্বর জিন্নাত আলী ওরফে জিন্নাহ আর্মি।
 
মঙ্গলবার ওই গ্রামের মৃত জালাল মেম্বরের গাছবাগানে একটি গ্রাম্য সালিশে ওই তিন যুবককে ধরে এনে দড়ি দিয়ে বেঁধে পেটানোর হুমকি দিলেও তারা চুরির ঘটনাটি অস্বীকার করে। এতে মাতব্বররা ক্ষিপ্ত হয়ে তিনজনের ৯০ হাজার টাকা ও ১০ ঘা করে জুতাপেটার রায় ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহ আলম, জিন্নাত আলী ওরফে জিন্নাহ আর্মি, আবু কালাম, মিন্নাছ আলী, নওশাদ আলী, সোনা মিয়া ও ইউনুছ আলী মাস্টার।
 
এদিকে চুরির অপবাদ দেয়া ওই তিন যুবক সাংবাদিকদের জানান, আমরা কখনও চুরি করিনি। এমন কোন অপবাদও আমাদের নেই। শুধুমাত্র ব্যক্তিগত আক্রশ ও গরুর মালিকদের নিকট থেকে ২০ হাজার টাকা নিয়া আমাদের হাজার হাজার মানুষের সামনে অপদস্থ করতেই জিন্নাহ আর্মি এ ঘটনা ঘটিয়েছে। সাখাওয়াতের মা সাহেদা বেগম বলেন, 'আমার ছেলে কোনদিন চুরি করে নাই। আমার সামনে আমার গ্যাদারে এমুন কইরা জুতা দিয়া মাইরা আমার কাছে ট্যাহা দাবি করছে। আমরা গরীব মানুষ এতো ট্যাহা পামু কোনে?'
 
বিষয়টি নিয়ে সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, 'আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার কাছে কেউ কোন অভিযোগও দেয়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে।' এ বিষয়ে মাতব্বর জিন্নাত আলী ওরফে জিন্নাহ আর্মি বলেন, 'তাদের ধরে নিয়ে আসার পর সালিশে সবার সামনে তারা চুরি কথা স্বীকার করেছে। তাই জুরিবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ১০ ঘা জুতার বাড়ি ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।' রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, 'বিষয়টি আমি জানি না। তারপরও খোঁজ নিচ্ছি যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'
 
ইত্তেফাক/জামান