রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার কয়েল তৈরির কারখানার ৮ শ্রমিক রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। শিশুশ্রমিকসহ এই ৮ শ্রমিককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
অসুস্থ শ্রমিকরা হলো, আফজাল (১৪), রাসেল (১৩), বাবু (২৫), বিপ্লব (৪০), মামুন (১৫), সাফায়েত (১০), রোমান (১৫), এবং মোস্তফা (১৭)।
এদের মধ্যে বাবুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। সহকর্মী অামিনুল, শাহীন বলেন, ডেমরা স্টাফ কোয়ার্টারের পাশে নাফিজা ৫৩৬সহ দুটি কয়েল ফ্যাক্টরীতে কাজ করতো তারা। রাতে মেসে ভাত, ডাল, ও পুঁইশাক খেয়ে কিছুক্ষণ পর একে একে অসুস্থ হয়ে পড়ে তারা। অসুস্থ অবস্থায় তাদের রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস. আই. মোঃ বাচ্চু মিয়া।
ইত্তেফাক/নূহু