দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, জনতা রুখে দাঁড়ালে দুর্নীতিবাজরা পালানোর পথ পাবে না। দুদক দুনীর্তিবাজদের দমনে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। আজ বুধবার ‘এবার আওয়াজ তুলুন, সোচ্চার হোন’- এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া যায় ভূমি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও পুলিশের বিরুদ্ধে। টিআর, কাবিখা, কাবিটা নিয়ে অসংখ্য দুনীর্তির অভিযোগ আসছে। তিনি এদের বিল প্রদান না করার জন্য অনুরোধ করেন। তিনি স্বাস্থ্য বিভাগ নিয়ে আলাদা গণশুনানি করার দরকার বলে জানান।
তিনি বলেন, বর্তমানে দুদকের দায়ের করা ৬৪ ভাগ মামলায় অভিযুক্তদের সাজা হচ্ছে। অচিরেই শতভাগ অভিযুক্তদের সাজা প্রদানে সক্ষম হবে দুদক।
গণশুনানি অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। বক্তব্য রাখেন দুদকের পরিচালক মনিরুজ্জামান, ঝিনাইদহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক এন এম শাহজালাল, সনাকের সহ-সভাপতি সুরাইয়া পারভীন ও দুদকের যশোর জেলা অফিসের উপ-পরিচালক জাহিদ হোসেন।
গনশুনানি কালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ ও দুদক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে