বগুড়ায় যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

 
বগুড়ার সোনাতলায় সফিকুল ইসলাম ছকু (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মাদারীপাড়ার বেল্লাল হোসেনের ছেলে। এঘটনায় পুলিশ তার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
 
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ার কারণে প্রায় ছয়মাস আগে দ্বিতীয় বিয়ে করে ছকু। মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে পরিবারের লোকজন শয়ন ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশকে জানালে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমকে আটক করে পুলিশ।
 
সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করা যায়নি। একারণে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কোন কারণ আছে কি-না তা জানার জন্য ছকুর স্ত্রী নাজমাকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান