বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা দুই কোটি টাকা মূল্যের মেশিনারিজ পণ্যের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার বন্দরের ওপেন ইয়ার্ড থেকে খালাশের সময় গোপন সূত্রে চালানটি জব্দ করা হয়।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পরিচালক (ডেপুটি কমিশনার) সাদেক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের ওপেন ইয়ার্ডে থাকা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক ফার্নেস ঘোষণায় আনা ক্যাপিটাল মেশিনারিজের পণ্য চালানটি খালাশ পর্যায়ে জব্দ করে পুনঃপরীক্ষা করে ব্যাপক গড়মিল পাওয়া যায়। পণ্য চালানটির আমদানিকারক ঢাকার মোহাম্মদি স্টিল ওয়ার্কস এবং এর সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের গণি অ্যান্ড সন্স।
বুধবার সকালে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও কাস্টম হাউসের প্রতিনিধির উপস্থিতিতে পুনরায় চালানটির কায়িক পরীক্ষা করে আমদানিকারকের ঘোষণা অনুযায়ী ২০০ কেজি ট্রান্সফরমার অয়েল এর স্থলে ৮৩৬ কেজি এবং ৫০ কেজি লুব্রিকেন্ট এর স্থলে ২৫ হাজার ২০ কেজি গ্রিজ পাওযা যায়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় দুই কোটি টাকা এবং শুল্ক ফাঁকির পরিমাণ ৭০ লাখ টাকা। পণ্য চালানটি মাত্র ১২ লাখ টাকা শুল্ক পরিশোধ করে বন্দর থেকে গোপনে খালাশ নিয়ে যাচ্ছিল।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার শওকাত হোসেন জানান, পণ্যচালানটি শুল্ক ফাঁকি দিয়ে খালাশ কাজে যে সব শুল্ক কর্মকর্তারা সহায়তা করেছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট গনি অ্যান্ড সন্স এর লাইসেন্স বাতিল করার নির্দেশনা দেয়া হয়েছে।
ইত্তেফাক/জামান