ব্রিজ ভেঙে পড়ায় চারদিন ধরে যোগাযোগ বন্ধ

 
মালবাহী ট্রাক চলাচলের ফলে দিনাজপুর-পার্বতীপুর সড়কের কাঁকড়া নদীর উপর স্থাপিত বেইলি ব্রিজের ভেঙে পড়ে। চার দিন ধরে দিনাজপুর জেলা শহরের সাথে পার্বতীপুর-চিরিরবন্দর এ দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
 
জানা গেছে, গত রবিবার ৬ আগস্ট রাত ৮টার দিকে পার্বতীপুর-দিনাজপুর সড়কের কাঁকড়া নদীর ১৫৫ মিটার দীর্ঘ বেইলি ব্রিজের কয়েকটি 'ট্রান্জাম' ড্যামেজ হয়ে নদীতে পড়ে যায়। ফলে সড়ক পথে পার্বতীপুর-চিরিরবন্দর উপজেলায় জরুরি পণ্য ও যাত্রী পরিবহন বিপর্যয়ের মুখে পড়েছে।
 
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাছুম সারওয়ার জানান, ভারী যানবাহন চলাচলের কারণে পার্বতীপুর-দিনাজপুর সড়কের কাঁকড়া নদীর ১৫৫ মিটার দীর্ঘ বেইলি ব্রিজের কয়েকটি 'ট্রান্জাম' ড্যামেজ হয়ে নদীতে পড়ে যাওয়ায় হত রবিবার ৬ আগস্ট রাত ৮টা থেকে এপথে বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে বিশেষ ব্যবস্থায় হালকা যানবাহন চলাচল করছে বলে তিনি দাবী করেন।
 
ইতিমধ্যে বগুড়া থেকে পুরনো বেইলি ব্রিজের স্পেয়ার ট্রান্জাম পাওয়া গেছে। সেতু মেরামতের জন্য সিরাজগঞ্জ থেকে বে-সরকারি প্রতিষ্ঠানের কয়েকজন টেকনিশিয়ান ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করেছেন। আগামীকাল বৃহস্পতিবার এপথে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান