নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৩২ ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত

খাবারের বিষক্রিয়ায় নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৩২ ছাত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। 
 
বুধবার ভোরে থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ অসুস্থ অবস্থায় ২৭ জন ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরো পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবাসিক হলে পাঠানো হয়েছে। 
 
হাসপাতালে চিকিৎসাধীন একাধিক শিক্ষার্থী জানান, ইনস্টিটিউটের হোস্টেলের ডাইনিংয়ে মাছ দিয়ে রান্না করা সবজি (আলু, পেপে ও কুমড়া) খেয়ে তারা ভোরে অসুস্থ হয়ে পড়েন। 
 
নোয়াখালী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আজিম জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। 
 
নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর বেবি সুলতানা স্থানীয় সাংবাদিকদের বলেন, হোস্টেলের ডাইনিংয়ের খাবারে সমস্যা হলে ইনস্টিটিউটের ছয়টি ব্যাচের ছাত্রীরা আক্রান্ত হত। কিন্তু আক্রান্ত সকলেই প্রথমবর্ষের শিক্ষার্থী। তাই শিক্ষার্থীরা বাইরে ফুচকা কিংবা অন্য কোনো খাবার কক্ষে নিয়ে খেয়ে তা থেকে ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/ইউবি